দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টিউশনে যাওয়ার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক অটোচালকের বিরুদ্ধে। এ ঘটনায় আহত শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় অভিযুক্তকে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
শনিবার (১৬ মে) রাত আনুমানিক ৮টার দিকে নগরীর ভদ্রা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থী।
আহত শিক্ষার্থীর নাম শাকিল দেওয়ান। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। অন্যদিকে অভিযুক্ত অটোচালকের নাম আশিকুল ইসলাম (৪৩)। তিনি কাটাখালী থানার কাপাসিয়া এলাকার আজিজুল সরকারের ছেলে এবং বর্তমানে বোয়ালিয়া থানাধীন হেতেমখাঁ কলাবাগান এলাকায় বসবাস করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার (১৬ মে) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে শাকিল তার হল থেকে সাইকেলযোগে বোয়ালিয়া থানাধীন জাদুঘর মোড়ের উদ্দেশ্যে টিউশনির জন্য রওনা হন। রাত ৮টা ৩০ মিনিটের দিকে তিনি ভদ্রা মোড়ের সামনে পৌঁছালে পেছন থেকে এক অটোচালক আকস্মিক ক্ষিপ্ত হয়ে বলেন ‘এত আস্তে কেউ সাইকেল চালায়?’ শাকিল প্রথমে কোনো উত্তর না দিলেও উক্ত চালক তাঁকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
গালিগালাজের কারণ জানতে চাইলে চালক প্রথমে শাকিলকে ধাক্কা দিয়ে সাধারণ জখম করেন এবং মুহূর্তের মধ্যে তার অটোরিকশা থেকে একটি লোহার রড বের করে শাকিলকে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে আঘাত করেন। লোহার রডের আঘাতে শাকিলের মাথা ফেটে গুরুতর রক্তাক্ত জখম হয়।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী শাকিল বলেন, ‘আমি সাইকেল নিয়ে টিউশনে যাচ্ছিলাম। ভদ্রা মোড়ে পৌছালে এক অটোচালক পেছন থেকে আমাকে উদ্দেশ্য করে বলে ‘এত আস্তে কেউ সাইকেল চালায়?’ একই সাথে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমি এই আচরণের প্রতিবাদ জানালে তিনি ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে আমার মাথায় আঘাত করেন।’
অভিযুক্তকে আজ রোববার আদালতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
তিনি বলেন, ‘গতকাল বাকবিতন্ডার জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পেয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী একটি মামলার আবেদন করেন। আমরা সেটি গ্রহণ করেছি। রাত থেকেই অটোচালক আমাদের হেফাজতে আছে। আজই তাকে আদালতে পাঠানো হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনাটি জানার পরপরই শিক্ষার্থীর চিকিৎসা নিশ্চিত করতে আমরা দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি। পাশাপাশি অভিযুক্ত অটোরিকশাচালক যেন পালিয়ে যেতে না পারে, সেজন্য বোয়ালিয়া থানার ওসির সাথে কথা বলে দ্রুত পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই রাস্তায় শিক্ষার্থীরা প্রায়ই হেনস্তা ও ছিনতাইয়ের শিকার হচ্ছে। তাই তাদের নিরাপদ চলাচল ও সার্বিক নিরাপত্তা জোরদারে আমরা আজই পুলিশ কমিশনারকে চিঠি দিচ্ছি এবং উপাচার্যের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছি।’
কেএম